ইত্তেফাক রিপোর্ট
শুল্ক ফাঁকির মামলায় চট্টগ্রামের সি অ্যান্ড এফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) হাইকোর্টের দেওয়া জামিন ২০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। দুদকের এক আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান এই আদেশ দেন। একইসঙ্গে স্থগিত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। গত ২৭ আগস্ট চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন স্থগিত করে মিজানকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
প্রসঙ্গত শুল্ক ফাঁকির অভিযোগে মিজানুর রহমান চাকলাদারের বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি রমনা থানায় মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই মামলায় ঐদিনই তাকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দারা। ২৩ জানুয়ারি মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি তাকে জামিন দেয় ঢাকা মহানগর হাকিম আদালত। ঐ জামিন বাতিল চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ তা মঞ্জুর করে মিজানকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তিনি আত্মসমর্পণ না করে দায়রা জজ আদালতের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট উত্থাপিত হয়নি মর্মে আবেদন খারিজ করে দেয়। গত ১০ জুলাই ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন আসামি। তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। তিনি জানান, গত ১৪ জুলাই হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্তি পান। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।