দুর্নীতিবাজদের কেউ যেন রেহাই না পায় :ইনু

ইত্তেফাক রিপোর্ট

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার নতুন সরকার আট মাসের মাথায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছে। তবে এই অভিযানে কেউ যেন রেহাই না পায়। দুর্নীতিবাজেরা যে জার্সিই গায়ে দিক, তার পরিচয় সে দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের কোনো দল নেই, ওরা সমাজের উইপোকা, ইঁদুর। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, জঙ্গিরা হচ্ছে দেশের বিপদ। দুর্নীতিবাজরা হচ্ছে বিষফোঁড়া, দেশের উন্নয়নের আপদ, উইপোকা, ফসলকাটা ইঁদুর। শেখ হাসিনা সোনার ফসল ফলায়, ইঁদুরের গোষ্ঠী ফসল কাটে। তিনি বলেন, লুটেরা, ভাগবাজ, তেলবাজ, দুর্নীতিবাজ এবং তাদের গডফাদার ও পার্টনারদের খালেদা জিয়ার পাশে কারাগারেই রাখতে হবে। কেউ যেন দেশ ত্যাগ করে পলাতক সাজাপ্রাপ্ত তারেকের পাশে যেতে না পারে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান খান, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি (শিউলী আজাদ), ড. আরিফুর রহমান, জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদের সহসভাপতি মীর হোসেন আখতার, জাসদের সহসভাপতি শফি উদ্দিন মোল্লা প্রমুখ।