দুর্নীতির দুষ্টচক্র না ভাঙা পর্যন্ত অভিযান চলবে :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক, অনিয়ম ও দুর্নীতির দুষ্টচক্র না ভাঙা পর্যন্ত অভিযান চলবে। দুর্নীতিবাজদের সঙ্গে কোনো আপস নয়। গতকাল সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত শুক্রবার নিউ ইয়র্কের পথে রওয়ানা হওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অপরাধী যত বড়ো  ক্ষমতাধর হোক না কেন, অভিযান যেন বন্ধ না হয়। কারো সঙ্গে কোনো আপস বা ছাড় দেওয়ার প্রশ্ন নেই। অভিযান কেবল শুরু হয়েছে। দেখুন অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। যুবলীগ মহানগর দক্ষিণের এক শীর্ষ নেতার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অ্যাকশনটা শুরু হলো এক সপ্তাহ, সবকিছু যাচাই-বাছাই করা হবে। যারা অ্যারেস্ট হয়েছে তারা কি ছোটোখাটো ব্যক্তি? কাজেই এখানে কেউ পার পাবে না। কিছু কিছু বিষয় আছে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা খোঁজ-খবর নিচ্ছে।

জি কে শামীম সরকারের বড়ো বড়ো কাজ করছে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা যদি আগে আপনি (সাংবাদিক) বের করতে পারতেন ভালো হতো। তাই না? ’ শামীম সরকারি কাজ পেতে বিপুল অঙ্কের ঘুষ দিয়েছেন, এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা একটু বের করুন কাকে কাকে তিনি ঘুষ দিয়েছেন। কেউ বসে নেই।  সরকারের পক্ষ থেকে আটঘাট বেঁধেই নেমেছি।

জেলা পর্যায়ে এ অভিযান চলবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ইতিমধ্যে চলছে।’ গণমাধ্যমে এসব বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করাও দায়িত্বের মধ্যে আসে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এ অভিযানে সরকারের জনপ্রিয়তা বাড়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে।