খুলনার রেলওয়ে (জিআরপি) থানার সাসপেন্ডকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গণধর্ষণের শিকার ঐ নারী বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, গতকাল দুপুরে অভিযোগের শুনানি শেষে আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান আরজিটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট রাতে তিন সন্তানের মা ঐ নারীকে জিআরপি (রেলওয়ে) থানার মধ্যে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য ধর্ষণ ও মারধর করেন বলে ঐ নারী আদালতে অভিযোগ করেন। গত ৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ ঘটনায় গত ৭ আগস্ট খুলনা রেলওয়ে জিআরপি থানার (ওসি) উছমান গনি পাঠান ও এএসআই নাজমুল হককে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। মাদক মামলায় গত ২৮ আগস্ট ঐ নারী জামিনে মুক্ত হন।