বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবদুল মজিদ (৩৪) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প ডি-১-এর আবদুল মালেকের পুত্র। গতকাল সোমবার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সীমান্তবাসীরা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের ২৮-২৯ সীমান্ত পিলার এলাকায় শূন্যরেখায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিজিবির সহযোগিতায় পুলিশ সীমান্তের থোয়াইঙ্গাঝিরি থেকে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে। মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের দুই পায়ের নিচের অংশ উড়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবদুল মজিদ নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুর খবর পেয়েছি।’