আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান ঘাঁটিতে আফগান ও মার্কিন সেনাবাহিনীর যৌথ অভিযানে অন্তত ৩৫ বেসামরিক নাগরিক এবং ২২ তালেবান সদস্য নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকরা মূলত হামলাস্থলের পাশে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তালেবান ঘাঁটি থেকে এক বাংলাদেশি ও ৫ পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে। ওই বাড়িতে তালেবান বিদেশি নারী ও পুরুষদের আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিতো। খবর সিবিএস নিউজ ও রয়টার্সের
হেলমান্দ প্রদেশের কাউন্সিল মেম্বার আতাউল্লাহ আফগান বলেন, রবিবার রাতে প্রদেশের মুসা কালা জেলার খাকসার এলাকার তালেবান ঘাঁটিতে অভিযান চালানো হয়। এর পাশেই চলছিল একটি বিয়ের অনুষ্ঠান। ফলে ওই অভিযানে ৩৫ বেসামরিক নাগরিক নিহত হন। মার্কিন সেনাবাহিনী সিবিএস নিউজকে নিশ্চিত করেছে, আফগান সেনাবাহিনীর বিশেষ শাখার ওই অভিযানে বিমান হামলা চালিয়ে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়েছিল।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক নারীসহ কয়েকজন নিহত হন। তিনি জানান, ওই কম্পাউন্ডে বিদেশি সন্ত্রাসীদের আনা হতো এবং যারা আত্মঘাতী হামলা চালাতে ইচ্ছুক তাদের প্রশিক্ষণ দেওয়া হতো। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ অভিযানে ২২ তালেবান নিহত হয়েছেন এবং ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক বাংলাদেশি ও ৫ পাকিস্তানি রয়েছেন। প্রদেশের গভর্ণরের মুখপাত্র ওমর জোয়াক জানিয়েছেন, ছয় বিদেশিসহ ১৪ জঙ্গি নিহত হয়েছেন। তিনি বেসামরিক নাগরিক হতাহতের কথা বললেও সংখ্যাটা নিশ্চিত করে বলেননি।