দেশের ছেলেমেয়েরা সমানতালে এগিয়ে যাচ্ছে:শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, আজকে আমাদের দেশের ছেলেমেয়েরা একসঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে। অনেকক্ষেত্রে মেয়েরা অনেকদূর এগিয়ে গেছে। তবে পরবর্তীতে মেয়েরা পারিবারিক প্রয়োজনে কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে পড়ছে। উপমন্ত্রী সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মো. হালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, উপ-পুলিশ কমিশনার আবু হানিফ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপন প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, আমরা স্কুলকলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার পরে এমন মানসিকতার সৃষ্টি হয় যে আমরা চেয়ারে বসে ফ্যানের নিচে কাজ করব। এই মানসিকতা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখিয়ে এ দেশ স্বাধীন করেছেন। সেই সমৃৃদ্ধ বাংলাদেশ গড়বার পথ থেকে আমরা অনেক বছর পিছিয়ে ছিলাম। আমাদের অনেক বছর গরিব করে রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেছেন, যারা অনৈতিক কাজ করবে, অনিয়ম করবে, দুর্নীতি করবে, মানুষকে শোষণ করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র এখন ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এসব ব্যাপারে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।