স্বাস্থ্যগত কারণে জামিনের দাবি হুয়াওয়ে কর্মকর্তার

আল জাজিরা ও রয়টার্স

স্বাস্থ্যগত কারণে জামিন চেয়েছেন কানাডায় গ্রেফতার হওয়া চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সিএফও (প্রধান অর্থ কর্মকর্তা) মেং ওয়ানঝৌ। এদিকে তার গ্রেপ্তারের প্রতিবাদে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে সমন পাঠিয়েছে বেইজিং।

কারাগারে নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেং। প্রত্যর্পণ সংক্রান্ত শুনানির আগে কানাডীয় কর্তৃপক্ষের কাছে এমন উদ্বেগ তুলে ধরেন তিনি। কানাডার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে দেশটিতে নিজের সম্পদ থাকার কথাও জানান হুয়াওয়ের এই শীর্ষ কর্মকর্তা। এমন বাস্তবতায় জামিন নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত চান তিনি। আদালতে উত্থাপিত মেংয়ের নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের অনুরোধে মেংকে গ্রেফতার করে কানাডা। চীনের পক্ষ থেকে ইতোমধ্যেই এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও কানাডার তীব্র সমালোচনা করা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে কানাডাকে ‘চরম পরিণতি’ বরণ করার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এ ঘটনাকে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ আখ্যা দিয়েছে তারা।

এদিকে চীনা উপরাষ্ট্রমন্ত্রী লি উচেং রবিবার চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টেরি ব্রানস্ট্যান্ডকে সমন পাঠিয়েছেন। এতে মেংয়ের গ্রেপ্তারের ঘটনায় ওয়াশিংটনের ভূমিকার প্রতিবাদ করা হয়। একই সঙ্গে তার গ্রেপ্তারের আদেশ বাতিলের আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বারবার অভিযোগ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। এই প্রতিষ্ঠানটির প্রযুক্তি চীনা সরকারের গোয়েন্দাগিরির কাজে ব্যবহূত হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করছেন তারা।