ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে নিরাপত্তা বাহিনীর হাতে চলতি বছরে ২৩২ জন ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। একই সময়ে কাশ্মিরিদের ছোড়া পাথরে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও আহত হয়েছে।
২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮০ দিনে ৫১ জন নিহত হয়েছেন, যারা ভারতীয় কর্তৃপক্ষের ভাষায় ‘সন্ত্রাসী’। আর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে নিহত হয়েছেন ৮৫ জন। বাকিরা এ বছরের বিভিন্ন সময়ে নিহত হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ আরো দাবি করে যে, বর্তমানে কাশ্মির উপত্যকায় সক্রিয় বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা ২৪০ জনের মতো, যাদের মধ্যে বহিরাগতও আছে।
জম্মু ও কাশ্মিরে সংঘাতে চলতি বছরের ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আট জন নিহত এবং অন্তত ২১৬ জন আহত হয়েছেন। আর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৮০ দিনে দুই জন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় এক কর্মকর্তা। আরেক কর্মকর্তা জানিয়েছেন, ১৯ জুন জম্মু ও কাশ্মিরে গভর্নরের শাসন জারি হওয়ার পর থেকে কাশ্মির উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির ‘লক্ষ্যণীয় উন্নতি’ হয়েছে।
জম্মু ও কাশ্মিরের মেহবুবা মুফতির নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করে নিলে সেখানে গভর্নরের নিয়ন্ত্রণে কেন্দ্রের শাসন জারি হয়।