দম ফেলার সময় নেই মালাকরদের

নওগাঁর বদলগাছীতে সর্বধিক মন্দিরে চলছে শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরি কাজ। সে উপলক্ষে উপজেলার ৯১টি মন্দিরে চলছে পূজা উদযাপনের জন্য প্রতিমা তৈরির কাজ। দম ফেলার সময় নেই মালাকরদের-তারা ব্যস্ত সময়ের মধ্যদিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের কাজ। সোমবার উপজেলার বিভিন্ন গ্রামের মণ্ডপ ঘুরে দেখা যায় সাধ্য মত কাজ চালিয়ে যাচ্ছেন মালাকররা।

উপজেলার জালারপুর গ্রামের মালাকর রমেশ চন্দ্র বলেন, কাজের চাপ অনেক বেশি। এই সময় আমাদের প্রতিমা তৈরি করে বছরের কাজ পুষিয়ে নিতে হয়। প্রতিমার ধরণ বুঝে চুক্তি হয় ২০-৮০ হাজার টাকা পর্যন্ত। এবার আমি ৩টি প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বদলগাছী শাখা সভাপতি দেশ প্রশাদ দেশমুখ্য ও সাধারণ সম্পাদক বাসুদেব সাহা বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে এবার ৯১টি মণ্ডপে পূজা উদযাপন হবে। এর মধ্যে উপজেলা সদরে ১১টি, বালুভরা ইউপিতে ২১টি, বিলাশবাড়ী ইউপিতে ১৩টি, কোলা ইউপিতে ৮টি, আধাইপুর ইউপিতে ১৬টি, মথুরাপুর ইউপিতে ১৩টি, মিঠাপুর ইউপিতে ৭টি, পাহারপুর ইউপিতে ২টি, মন্দিরে পূজার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ বলেন, সরকারিভাবে প্রতিটি পূজা মন্দিরে ৫০০ কেজি চাল বরাদ্দ রয়েছে তা বিতরণ করা হবে। বদলগাছী থানার অফিসার ইর্নচাজ চৌধুরী জুবায়ের আহম্মেদ বলেন, হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষে থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

ইত্তেফাক/আরকেজি