ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম শিরিনা বেগম। তিনি উপজেলার সৈয়দটুলা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা জানিয়েছে, ৮ বছর আগে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বলিবাড়ি এলাকার আব্দুল জব্বার মিয়ার মেয়ে শিরিনা বেগমের বিয়ে হয় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের হাফিস টুলা এলাকার দুলাল মিয়ার সঙ্গে। তাদের ৩ সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য স্বামী দুলাল মিয়া তার স্ত্রীকে প্রায়ই মারধর করত। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস  হয়। সোমবার দিবাগত রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

নিহতের চাচী রানু বেগম জানান, দুলাল মিয়া নেশাগ্রস্ত ছিলো। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনাস ইবনে মালেক জানান, রাতে ১টার দিকে ওই নারীকে নিয়ে তার স্বামী হাসপাতালে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তার গলায় দাগ রয়েছে। পরে সরাইল থানা পুলিশকে খবর দিলে তারা নিহতের স্বামীকে আটক করে থানা নিয়ে যায়।

আরও পড়ুন: আলজেরিয়ায় হাসপাতালে আগুন, ৮ নবজাতকের মৃত্যু

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহদাত হোসেন বলেন, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ  ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

ইত্তেফাক/নূহু