টিভি নির্মাতারাই এখন সিনেমায় বেশি ভালো করছেন

চিত্রনায়ক আরিফিন শুভ। ঢাকাই সিনেমায় বর্তমানে আলোচিত ও নির্ভরযোগ্য একজন। সারাবছরই নিয়মিত সিনেমা নিয়ে চলছে তার ব্যস্ততা। চলতি সপ্তাহে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘সাপলুডু’। জনপ্রিয় টিভি নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম সিনেমা এটি। নতুন সিনেমা মুক্তি ও ইন্ডাস্ট্রির অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

নতুন সিনেমার ট্রেলর মুক্তির পর থেকে আপনার লুক ও অভিনয় বেশ আলোচনা তৈরি করেছে। আপনার উপলব্ধিটা জানতে চাই—

অবশ্যই বেশ ভালো। একটি কাজের প্রশংসা অনেক অনুপ্রেরণা দেয়। আশা করি সিনেমা দেখার পরও সবার ভালোলাগা আরো বেড়ে যাবে।

 

‘সাপলুডু’ মুক্তির সময় প্রায় চলে এসেছে। প্রচারণার বিষয়ে কতটুকু এগিয়েছেন?

প্রচারণা তো নিয়মিত চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রচারণা চলছে। এছাড়াও গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য মাধ্যমে বিভিন্নভাবে প্রচারণা করা হচ্ছে। আজকের মধ্যে হয়তো পোস্টারও দেখা যাবে।

 

টিভি নির্মাতা থেকে সিনেমা নির্মাণে যারা এসেছেন তাদের সঙ্গে এর আগেও আপনি কাজ করেছেন। এই অভিজ্ঞতাটা কেমন?

টিভি নির্মাতারাই এখন সিনেমায় বেশ ভালো করছেন। গোলাম সোহরাব দোদুলের সঙ্গে টিভিতে যারা কাজ করেছেন তারা জানেন তিনি কতটা পারফেকশন নিয়ে কাজ করেন। ‘সাপলুডু’ তার প্রথম সিনেমা হলেও সেটি পর্দায় বোঝা যাবে না। অন্যদিকে এর আগেও আমি ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় দীপঙ্কর দীপনের সঙ্গে কাজ করেছি। সেটিও বেশ ভালো অভিজ্ঞতা এবং সেই সিনেমার সাফল্যের কথা সবারই জানা। এছাড়াও অমিতাভ রেজার ‘আয়নাবাজি’, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমাগুলোর নির্মাতারাও কিন্তু টিভি থেকেই এসেছেন। গত কয়েক বছরের অন্যতম সিনেমার মধ্যে এগুলো রয়েছে।

 

আমাদের ইন্ডাস্ট্রির এখনকার অবস্থায় একটি সিনেমার বাণিজ্যিক বিষয়টি কতটুকু নিশ্চিত থাকে মনে করেন?

আমাদের সিনেমার অবস্থা কিন্তু ধীরে ধীরে হলেও ভালোর দিকে এগুচ্ছে। সংখ্যায় কম হলেও প্রতিবছর ভালো কিছু সিনেমা নির্মিত হচ্ছে। আমাদের সিনেমার বর্তমান অবস্থাটা এভাবে চিন্তা করলে বেশ ভালো। অন্যদিকে সিনেপ্লেক্সের সংখ্যাও কিন্তু বাড়ছে। ঢাকাতেই এখন অনেক জায়গায় সিনেপ্লেক্স রয়েছে এবং আরো অনেকেগুলো হচ্ছে। ঢাকার বাইরেও এখন সিনেপ্লেক্স নির্মাণ হচ্ছে। এগুলো অবশ্যই পজিটিভ দিক সিনেমার ব্যবসার জন্য।

 

আপনার অন্যান্য ব্যস্ততা...

‘সাপলুডু’ নিয়েই কয়েকদিন ব্যস্ত থাকতে হবে। এরপর ‘জ্যাম’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ততা রয়েছে। এছাড়া ‘মিশন এক্সট্রিম’ও মুক্তি পাবে শিগগিরই।