সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯ উদ্বোধন

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ)-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো গতকাল মঙ্গলবার। ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৮ সালে দেশের ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস অর্গানাইজেশনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছেন, তাদেরই এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সাপ্লাই চেইন পেশাজীবী, তরুণ পেশাজীবী ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ২০১৮ সালে নিজেদের অর্জনগুলো উপস্থাপন করার মাধ্যমে সম্মানজনক এই অ্যাওয়ার্ডে অংশ নিতে পারবে।

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির (বিএসসিএমএস) যৌথ উদ্যোগে বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ) ২০১৯ পরিচালিত হবে। এই অ্যাওয়ার্ড হলো বাংলাদেশের অভ্যন্তরে কার্যক্রম পরিচালনা করা ইন্ডাস্ট্রিগুলোতে সাপ্লাই চেইন নলেজ বিষয়ে অগ্রগতি ও প্রয়োগের ক্ষেত্রে অসাধারণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের জন্য একটি সম্মানজনক স্বীকৃতি। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের নলেজ পার্টনার থাকবে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ)। বিএসসিইএ ২০১৯ অ্যাওয়ার্ড ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো সাপ্লাই চেইন কোলাবোরেশন অ্যান্ড পার্টনারিং, সাপ্লাই চেইন ট্যালেন্ট ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স, সাপ্লাই চেইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট, লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, ওয়্যারহাউজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সাপ্লাই চেইন প্ল্যানিং প্রসেস, টেকনোলজি অ্যাজ সাপ্লাই  চেইন এনেবলার, সাপ্লাই চেইন সাস্টেইনেবিলিটি, ইয়াং সাপ্লাই চেইন ট্যালেন্ট অব দ্য ইয়ার এবং সাপ্লাই চেইন প্রফেশনাল অব দ্য ইয়ার। ‘সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯-এর জন্য গঠিত বিচারক প্যানেল ২৫টি সেরা অর্জন (৭টি ব্যক্তিগত, ৯টি স্থানীয় এবং ৯টি এমএনসি অর্গ্যানাইজেশন) বাছাই করবেন। অ্যাওয়ার্ড বিজয়ীরা স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদপত্র পাবেন। তরুণ অ্যাওয়ার্ড বিজয়ীরা সম্মাননা স্মারক ও সনদপত্র পাবেন, এছাড়া তাদের মধ্যে পাঁচ জনকে আইএসসিইএ সার্টিফিকেশন প্রদান করা হবে। কেসসহ নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ অক্টোবর, ২০১৯। আগামী ২৮ নভেম্বর, ২০১৯ তারিখ সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ শামস, নেসলে বাংলাদেশের ডিরেক্টর অব করপোরেট অ্যাফেয়ার্স ও বাংলাদেশ সাপ্লাই  চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস)-এর প্রেসিডেন্ট নকীব খান, ইন্টারন্যাশনাল সাপ্লাই  চেইন এডুকেশন অ্যালায়েন্সের এশিয়া অঞ্চলের সিইও এজাজুর রহমানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।