সড়ক পার্কিংমুক্ত করা প্রয়োজন

মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রাস্তার দুপাশে মালামাল সরবরাহের জন্য বিভিন্ন কোম্পানির গাড়ি, ফেরি করে বিক্রি করা মালামালের ভ্যানসহ ছোট বড় বিভিন্ন বাহন রাস্তায় যত্রতত্র পার্ক করে রাখা হয়। এলাকায় ব্যাপকভাবে ভবন নির্মাণ কাজ চলছে, নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকগুলো খুব দ্রুতগতিতে সড়কে চলাচল করে। এতে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যাওয়া বিচিত্র নয়। অথচ এখানে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়। পরিশেষে, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ইমতিয়াজুল ইসলাম

ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা