সড়ক দুর্ঘটনার কারণ চা স্টলের ময়লা

ঢাকা-ময়মনসিংহ সড়কের মেম্বার বাড়িতে দেখলাম পান-বিড়ির দোকানদার এক বালতি পানি রাস্তায় ঢেলে দিলেন। সে পানিতে কলার ছোলাও ছিল। হাইওয়েতে একটি কলার ছোলা পড়ে থাকা মানে একটি অবধারিত মৃত্যু! দৌড়ে গিয়ে কলার খোসা তুলে এনে দোকানদারকে বললাম, এই যে কাজটি করলেন—এটা একজনের মৃত্যুর কারণ হতে পারে! তিনি বেশি আমলে নিতে চাইলেন না বিষয়টি, তবে আমি বললাম আর ফেলবেন না। আসলে মোটরসাইকেল দুর্ঘটনার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার কারণ হতে পারে রাস্তা পারাপারকারীর জন্যও।  চা আর পানের দোকানদারদের ব্যবহূত বালতি বালতি পানি রাস্তায় ঢেলে দেওয়া হয়। এই পানির সঙ্গে থাকে কলার খোসা, পানের বোঁটা, সুপারির খোসা, শশার খোসার মতো পিচ্ছিল বস্তু। অনেকে ফেলে রাখে ডাবের খোসাও সামান্য জ্বালানির খড়ি তৈরির জন্য! এই পিচ্ছিল বস্তুগুলোর ওপর গাড়ির চাকা থাকা অবস্থায় ব্রেক কষলেই অবধারিত মৃত্যু!

প্রশাসনকেও অনুরোধ করছি কঠোর হস্তে এই কাজগুলোকে দমন করুন। সড়ক বিভাগের প্রতিও রইল অনুরোধ এ বিষয়ে ব্যবস্থা নেওয়া ও সচেতনতা বাড়ানোর জন্য। আশা করি, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন।

সাঈদ চৌধুরী

শ্রীপুর, গাজীপুর

 

 

০