যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন তরিকুল ইসলাম (৩০) ও তৈয়বা খাতুন (৫)। নিহত তরিকুল ইসলাম পৌরসভার কাটাখাল বেলেবটতলা গ্রামের মৃত আলম হোসেনের ছেলে এবং শিশু তৈয়বা খাতুন মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই টিটো জানান, সকালের দিকে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে তরিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে মল্লিকপুর রেললাইন পাড়া এলাকায় পৌঁছুলে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস (সাতক্ষীরা জ ১১-০০৮৭) সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় তরিকুল পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: ছাত্রদলের কমিটি নব্য বাকশালীদের মতো ভোট ডাকাতি করে গঠিত হয়নি: রিজভী
তার মোটরসাইকেলটি ছিটকে শিশু তৈয়বা খাতুনকে ধাক্কা দেয়। শিশু তৈয়বা মক্তবে পড়তে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলো। যশোর সদর হাসপাতালে নেওয়ার পরে শিশুটি মারা যায়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু