ইত্তেফাক রিপোর্ট
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উত্পাদক থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত তদারকি করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলেন, ড্রাগসের (মাদক) মতো সারা দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতে পদক্ষেপ নিন। এমন পরিস্থিতি সৃষ্টি করুন যাতে কেউ খাদ্যে ভেজাল দিতে না পারে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ খাদ্য ও কৃষি ব্যবস্থাপনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দেশে অনেকের মধ্যে ধারণা আছে, ফার্মের মুরগির মধ্যে ট্যানারি বর্জ্য আছে। এটা খেলে ক্যানসার হতে পারে। এটা মানুষের কোনো দোষ না। এমন অবস্থায় তিনি প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে অংশীজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে বিষয়টি তদারকি করার আহ্বান জানান।
দৈনিক বাংলাদেশের খবর-এর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. খুরশিদ জাহান এবং কৃষিবিদ ড. মো. সালেহ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর সদস্য পরিচালক ড. মনিরুল ইসলাম, বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী প্রমুখ।