রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভাষা প্রযুক্তি—স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই দিনব্যাপী ‘গাণিতিক ভাষাতত্ত্ব ও বাংলা ভাষা প্রক্রিয়াজাতকরণ’ প্রথম জাতীয় কর্মশালা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে প্রধান অতিথি হিসেবে ঐ জাতীয় কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, চুয়েট ‘আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) সৈয়দ জহুরুল ইসলাম, গিগা টেক লিমিটেডের মহাব্যবস্থাপক সামিরা জুবেরি হিমিকা।
কর্মশালায় দেশের ১০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন ভাষা প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ঐ কর্মশালায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি খাতে বাংলা ভাষার ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণের সর্বশেষ অনুসন্ধান, অগ্রগতি ও প্রয়োগ বিষয়ক যৌথ তথ্য-উপাত্ত বিনিময় করা হয়। কর্মশালার প্রথমদিন দেশের ভাষা প্রযুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন ইন্ডাস্ট্রি ও একাডেমিশিয়ানদের ১০টি গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।