চট্টগ্রামে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে আটক দুই

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে মো. মীর হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই জনকে আটক করেছে র্যাব। এরা হলেন— মো. ফখরুদ্দীন ও সাজুদ্দীন। গত সোমবার গভীর রাতে মিরসরাই উপজেলার বারইয়ারহাট কলেজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে ফেনী জেলার সালাউদ্দিন রোড থেকে মো. মীর হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় কয়েক দুর্বৃত্ত। পরবর্তীতে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে চক্রটি। এ বিষয়ে অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাব। রাত সাড়ে ১২টায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট কলেজগেট সংলগ্ন একটি দোকান থেকে অপহূত মীর হোসেনকে উদ্ধারের পর ঘটনাস্থল থেকে ফখরুদ্দীন ও সাজুদ্দীন নামে দুই অপহরণকারীকে আটক করে র্যাব। এ সময় তাদের সহযোগী আরো দুই অপহরণকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা হয়েছে।