বিজিবি মহাপরিচালকের সেন্টমার্টিনে বিওপি পরিদর্শন

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দীর্ঘ ২২ বছর পর স্থাপিত বিওপি ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

গতকাল মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বর্ডার গার্ড বাংলাদেশের বিশেষ হেলিকপ্টারযোগে সেন্টমার্টিনে তৈরিকৃত হেলিপ্যাডে সফরকারী বহর নিয়ে অবতরণ করেন। এসময় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও অপর অফিসার মেজর রুবাইয়াত বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান। এরপর তিনি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে সেন্টমার্টিন বিজিবি বিওপি পোস্টের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

উল্লেখ্য, দেশ স্বাধীনের পর হতে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ছিল। ১৯৯৭ সালের শেষের দিকে তাদের সরিয়ে আনা হয়। সম্প্রতি মিয়ানমার পর্যটকদের অন্যতম বিনোদনের এই দ্বীপকে তাদের দাবি করে বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নেয়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ হতে এই দ্বীপে পুনরায় বিজিবির নতুন কার্যক্রম সচল করে এক প্লাটুন বিজিবি মোতায়েন করেন।