ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফর
স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন জনি বেয়ারস্টো। নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত এই দলে ডাক পেয়েছেন চার জন অনভিষিক্ত খেলোয়াড়।
দুই ওপেনার—কেন্টের জ্যাক ক্রলি, ওয়ারউইকশায়ারের ডম সিবলি প্রথমবারের মতো ডাক পেয়েছেন। এছাড়া ল্যাঙ্কাশায়ারের ফাস্ট বোলার সাকিব মাহমুদ ও একই দলের লেগস্পিনার ম্যাট পার্কিনসনও প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন। সারের ব্যাটসম্যান অলি পোপ আবার ফিরেছেন টেস্ট দলে।
সিবলি গত কাউন্টি মৌসুমে অসাধারণ পারফরম করেছেন। গত মৌসুমে পাঁচটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটিসহ ১ হাজার ৩২৪ রান করেছেন। ৬৯.৬৮ গড়ে এই রান করার পথে তার সর্বোচ্চ ২৪৪ রানের ইনিংস ছিল। ২১ বছর বয়সে ক্রলি এই মৌসুমে সব ফরম্যাটেই ভালো করেছেন। দুটি সেঞ্চুরিসহ তিনি ৮২০ রান করেছেন। সাকিব মাহমুদ ২১টি ও পার্কিনসন ১৯টি উইকেট নিয়েছেন এবার ডিভিশন টু-এর খেলায়। এই সফরেও ফিরতে পারেননি জেমস অ্যান্ডারসন। অ্যাশেজে পাওয়া কাফের চোট থেকে এখনো সেরে উঠছেন তিনি। আশা করা হচ্ছে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে তিনি দলে ফিরতে পারবেন। অ্যাশেজের শেষ টেস্টে দলে ঠাঁই না পাওয়া জেসন রয় তার বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন। বেয়ারস্টো যেহেতু দলে নেই জস বাটলার উইকেট কিপিং করবেন।
বেয়ারস্টো টেস্ট দলে না থাকলেও টি-টোয়েন্টি দলে আছেন। সীমিত ওভারের এই দলের নিয়মিত মুখ জস বাটলার, জেসন রয়, বেন স্টোকস, জো রুট, ক্রিস ওকস ও জোফরা আর্চারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের বদলে প্রথম ডাক পেয়েছেন টম বান্টন, প্যাট ব্রাউন, সাকিব মাহমুদ, পার্কিনসন। এছাড়া ফিরেছেন স্যাম বিলিংস, ডেভিড মালান ও জেমস ভিন্স। এউইন মরগ্যান যথারীতি সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব করবেন।