ভাণ্ডারিয়া মজিদা বেগম স্কুল বিভাগীয় পর্যায়ে অংশ নেবে

বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবলে পিরোজপুরের ভাণ্ডারিয়ার মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় উপজেলা ও জেলায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ২৭ সেপ্টেম্বর বরিশালের আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে।

এদিকে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি তার নির্বাচনী এলাকায় (ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী) মাসিক সফরে এলে খেলোয়াড়রা ট্রফিটি তাকে উত্সর্গ করেন। গত সোমবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা চ্যাম্পিয়ন স্কুলটির খেলোয়াড় মারিয়া আক্তার, ফারজানা আক্তার, রুবাইয়া আক্তার, মীম আক্তার, মরিয়ম আক্তার, তামান্না আক্তারসহ অন্যরা তাদের চ্যাম্পিয়ন ট্রফিও তুলে দেন আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতে।           

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।