স্পোর্টস রিপোর্টার
চার মাসের মধ্যে দুইবার বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। আগামী মাসে দুটি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিল এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে আসার কথা ছিল। কিন্তু দুটি সফরই পিছিয়ে গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনুরোধে এ দুটি সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী বছরের ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এ দুটি টেস্ট পিছিয়ে ২০২০ সালেরই জুন-জুলাই মাসে নিয়ে যাওয়া হয়েছে। সিএ ও বিসিবি এই পেছানোতে একমত হয়েছে।
এই সিরিজ পেছানো সম্পর্কে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, এফটিপি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট আয়োজন করার কথা ছিল। কিন্তু এখন সে দুটি ২০২০ সালের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া এ বছরেরই অক্টোবর মাসে দুটি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। সিএ চাইছে এ দুটির বদলে তিনটি টি-টোয়েন্টি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলতে। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। যদিও এই তিন টি-টোয়েন্টির কোনো দিন-তারিখ ঠিক হয়নি।
আকরাম খান এই খবরও নিশ্চিত করে বলেছেন, ‘শুরুতে কথা ছিল অক্টোবরে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির একটা সিরিজ খেলব। কিন্তু আমরা একমত হয়েছি যে তিনটি টি-টোয়েন্টি ভারতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগে অনুষ্ঠিত হবে। এখনো সেই সিরিজের তারিখ ঠিক হয়নি।’