গৃহবধূর গলা কেটে যুবকের থানায় আত্মসমর্পণ

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে তাহমিনা আক্তার রিপা (৩০) নামে এক গৃহবধূর গলা ও হাতের রগ কেটে খুনের চেষ্টা করে রক্তাক্ত ছুরিসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে মাসুদ (২০) নামে এক যুবক। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গফরগাঁও পৌর শহরের কোর্টভবন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ তাহমিনা আক্তার রিপাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের কোর্টভবন এলাকায় তফাজ্জল হোসেনের বাসায় প্রবেশ করে একই এলাকার মাসুদ টেইলার্সের মালিক মাসুদ। বাসায় এ সময় তফাজ্জল হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার রিপা ছাড়া কেউ ছিল না। মাসুদ এ সময় ধারালো ছুরি দিয়ে রিপার গলাকেটে ও ডানহাতের রগ কেটে হত্যা চেষ্টা চালায়। পরে পৌনে দুইটার দিকে মাসুদ রক্তাক্ত ছুরিসহ থানায় হাজির হয়ে রিপাকে হত্যা চেষ্টার কথা জানিয়ে আত্মসমর্পণ করে। থানার এসআই নূর শাহীনের নেতৃত্বে থানা পুলিশ রিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রিপাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।