মুক্তিযোদ্ধা ও স্কুলছাত্রীসহ সড়কে ঝরল সাত প্রাণ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী ও মুক্তিযোদ্ধসহ সাত জন নিহত হয়েছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ঝিকরগাছা (যশোর): যশোর-বেনাপোল মহাসড়কে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক তরিকুল ইসলাম (৩০) ও তার মোটরসাইকেল চাপায় তৈয়বা খাতুন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল ঝিকরগাছা উপজেলার মল্লিকপুরে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তরিকুল পৌরসভার কাটাখাল বেলেবটতলা গ্রামের এবং মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী তৈয়বা।

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর-সাইকেল আরোহী মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৬৪) নিহত হয়েছেন। সিদ্দিকুর রহমান বনপাড়া পৌরসভার গুনাইহাটি মহল­ার। তিনি জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারী  ছিলেন।  কালিয়াকৈর (গাজীপুর): কালিয়াকৈরে ইট বোঝাই ট্রাক উলটে মত্স্য খামারে পড়ে শাহ আলম (৩০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জালুয়াভিটি এলাকার পদ্মীবিল মত্স্য খামারে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম নেত্রকোনার ইটনা উপজেলার এলোংজুড়ি গ্রামের।

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার একটি বাস উলটে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক শ্রমিক নিহত ও অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর মানিকগঞ্জ সদর থানার চর কৃষ্ণপুর গ্রামের কোহিনূর ইসলামের ছেলে।

কালীগঞ্জ (ঝিনাইদহ): কালীগঞ্জের বারবাজার ট্রাক গ্যারেজ নামকস্থানে গতকাল আব্দুল্লাহ আল সানী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সে কালিগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের আব্দুল আজিজের ছেলে ।

পত্নীতলা (নওগাঁ): পত্নীতলায় ট্রাকের ধাক্কায় নন্দ হালদার (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল উপজেলার নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সোনালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নন্দ হালদার নজিপুর পৌরসভার মাহমুদপুর গ্রামের।