লুটপাট বন্ধ করতে বেগম জিয়াকে মুক্ত করতে হবে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অবৈধ সরকার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেশের জনগণকে দাঁড় করিয়েছে। দেশের মানুষের ভোট চুরি করে অবৈধ পার্লামেন্ট গঠন করেছে। বিরোধী দল বলতে কিছু নেই। এখন পার্লামেন্টে হাঁ-না’র বিরোধী দল। সরকার  গণতন্ত্র নস্যাত্ করে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। বিচারব্যবস্থা সম্পূর্ণ দলীয়করণ করে এটিকে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যবহার করছে। গণতন্ত্র উদ্ধার, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, সুদ, ঘুষ, ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ লুটপাট বন্ধ করতে খালোদা জিয়াকে মুক্ত করতে হবে। সন্ত্রাসীসহ শত অপরাধী মুক্তি পায়, কিন্তু বেগম জিয়ার মুক্তি হয় না রাজনৈতিক প্রতিহিংসার কারণে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট রেজিস্ট্রারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  মির্জা ফখরুল এসব কথা বলেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে ফখরুল বলেন, একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি সরকার। বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে স্মরণ করে তিনি বলেন, এরকম শত শত পরিবার তাদের স্বজনকে হারিয়ে ব্যথিত। ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, খন্দকার আব্দুল মোক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ বক্তব্য রাখেন।