পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমরান খানের সঙ্গে বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি ইমরান খান এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি কাশ্মীর নিয়ে তার মধ্যস্থতা চান, তাহলে তিনি তা করতে ইচ্ছুক। তিনি পাকিস্তানকে বিশ্বাস করেন বলেও মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। খবর এনডিটিভির
উগ্র ইসলামিক সন্ত্রাসবাদ মুক্ত করতে আমেরিকার সংকল্পের উপর জোর দিয়ে এ নিয়ে তৃতীয়বার মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মধ্যস্থতায় রাজি কিনা সেই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এটা জটিল বিষয়। দীর্ঘদিন ধরে চলছে। তবে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইমরান খান উভয়েই চান, তাহলে আমি তা করতে রাজি। তিনি বলেন, আমি মনে করি, আমি একজন ভাল মধ্যস্থতাকারী হবো। এর আগেও ইমরান খানের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে মধ্যস্থতার কথা বলেছিলেন। কিন্তু ভারত জম্মু-কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু এই কথা বলে ওই প্রস্তাবে দৃঢ়ভাবে না বলে দেয়। তবে ‘পাকিস্তান সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি’ ভারতের এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত কিনা তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমি ইরানের দিকে আরো অনেক বেশি ইঙ্গিত করছি। আরেক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাকে নোবেল দেওয়া উচিত। যদি তারা নিরপেক্ষভাবে দেন তাহলে আমারই পাওয়া উচিত। কিন্তু তারা তো সেভাবে দেয় না। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পুরস্কার নিয়েও প্রশ্ন তোলেন।