ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জের ধরে বাইচাইল গ্রামে মুসল্লিদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এদের মধ্যে দুইজনকে ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এদিকে গতকাল মঙ্গলবার সকালে বাইচাইল হিজলতলী মাঠে হামলাকারীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বাইচাইল এলাকার চানমিয়া, ময়ছেরর, বারেক, উজালা, সাহেরার নেতৃত্বে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেছে।
বাইচাইল এলাকার মহেদ আলী (৭০) বলেন, এর আগেও আমাদের ওপর হামলা হয়েছে এবং আমাদের মসজিদ ভেঙে দিয়েছে। আমরা এখনো সেই মসজিদ নতুন করে তৈরি করতে পারি নাই। আবার আমাদের ওপর হামলা করেছে। এতে ৫ জন আহত হয়েছে।
ভুক্তভোগীরা বলেন, সোমবার আমরা মাগরিবের নামাজ পড়তেছিলাম। তখন নামাজের শেষ দিকে খোরশেদ আলমের ছেলে আহমদ আলী ও মুহাম্মদ আলী, মাসুদ দেওয়ান, জয়নাল, মোতালেবসহ প্রায় ২০ থেকে ২৫ জন নিয়ে গফুর আমাদের ওপর হামলা চালায়। তখন আমরা কোনোরকমে পালিয়ে জীবন রক্ষা করি।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। খোরশেদ ও মোতাহারসহ মোট ৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।