বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গতকাল মঙ্গলবার ইউজিসির পূর্ণ কমিশনের ১৫৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশন সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, অধ্যাপক ড. এম শাহ্ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, ইউজিসি সচিবের বিরুদ্ধে নিয়োগে বিধিবহির্ভূত প্রভাব খাটানোর বিষয়টির অধিকতর তদন্তের জন্য কমিশনের দুই জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্তও পূর্ণ কমিশনের সভায় নেওয়া হয়।
সূত্র জানায়, গত এপ্রিলে ইউজিসির সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার কমিটিতে ছিলেন সচিব মো. খালেদ। কিন্তু তার নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও তিনি কমিটিতে দায়িত্ব পালন করেছেন। যা কমিশনকে অবহিত করা হয়নি। সে সময় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি সচিবের বিরুদ্ধে বিধিবহির্ভূত প্রভাব খাটানোর প্রমাণ পায়। এ প্রেক্ষিতে গতকালের সভায় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়।