বলিউডে পাঁচ হাজার কোটি টাকার ব্যবসা!

বিনোদন ডেস্ক

 

অন্যান্য বছরের চেয়ে এ বছর বলিউড অফিস বেশ জাঁকজমক। বিশ্লেষকরা বলছেন, এ বছর বলিউডে ৫ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে। টাকার অঙ্কটা গত কয়েক বছরের চেয়ে বেশি। ২০১৫ সালে ৩ হাজার ৭৮০ কোটি, ২০১৬ সালে ৩৯০ কোটি, ২০১৭ সালে ৪ হাজার ১০০ কোটি টাকা এবং গতবছর ৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যবসা করেছে বলিউড। চলতি বছরের ৯ মাস শেষ না হতেই ৩ হাজার কোটিরও বেশি টাকা আয় করেছে বলিউড। এখনো অনেক বিগ বাজেটের সিনেমা মুক্তি পাওয়া বাকি। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, ২০১৯ সালে ৫ হাজার কোটি টাকারও বেশি ব্যবসা করবে ইন্ডাস্ট্রিটি।

‘উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ দিয়ে এ বছরের বলিউড হিট মিশন শুরু হয়েছিল। এরপর একে একে মুক্তি পায় ধামাক সিনেমা। শত কোটি ছাড়িয়ে যাওয়া অনেক ছবি রয়েছে এ বছর। এরমধ্যে গলি বয়, টোটাল ধামাল, মণি কর্ণিকা, লুকাচুপি, বদলা ও কেসরি শত কোটি টাকা ছাড়িয়েছে। এরপর একে একে অসংখ্য ছবি মুক্তি দেওয়া হয় প্রতিমাসে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বক্স অফিস হিট সিনেমাই ছিল বেশি।

জুন, জুলাই ও আগস্টে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোই সবচেয়ে বেশি আয় করেছে। কবির সিং, মঙ্গল মিশন, ড্রিম গার্ল, ছিঁছোরে, সাহো’সহ এক ডজন সিনেমা আয় করেছে প্রায় ১৫শ’ কোটি টাকা।

এরমধ্যে দক্ষিণী তারকা প্রভাস ও শ্রদ্ধা কাপুরের সাহো বিশ্বব্যাপী আয় করেছে ৩১৫ কোটি রুপি। তবে ভারতে আয় ১৪১ কোটি। বছরের মাঝামাঝি সময়ের কয়েকটি সিনেমাও বেশ ভালো আয় করেছে। সুপার ৩০, বাটলা হাউজ, মিশন মঙ্গল, ছিঁচোরে’সহ কয়েকটি সিনেমার প্রতিটি শত কোটিরও বেশি আয় করেছে। এরমধ্যে কবির সিং ও মিশন মঙ্গল ২০০ কোটির বেশি আয় করেছে শুধু ভারতেই।

বছরের শেষপ্রান্তিকে লাল কাপ্তান, হাউজফুল ফোর, মেড ইন চায়না, মারজাভান, পাগলপন্থি, পানিপথ, দাবাং ৩, গুড নিউজসহ আরো বেশকিছু  সিনেমা মুক্তি পাবে। এই সিনেমাগুলোর বেশিরভাগই যদি বক্স অফিসে হিট হয় তবে ৫ হাজার কোটি টাকার ব্যবসা করা নিশ্চিত!

বক্স অফিস পর্যালোচকরা বলছেন, পূর্বের বছরগুলোর আয়ের রেকর্ড ভাঙবে ২০১৯ সাল।