কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জাতীয় ভ্যাট দিবসে সেরা করদাতার সম্মাননা পেয়েছে ৬ জেলার ১৬টি প্রতিষ্ঠান। কুমিল্লা কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে সোমবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সেমিনারে তাদের মাঝে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেয়া হয়।
এবার জেলা পর্যায়ে সেরা করদাতাদের মধ্যে কুমিল্লায় ৩টি, চাঁদপুরে ৩টি, নোয়াখালী ৩টি, ফেনীতে ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ২টি এবং লক্ষ্মীপুরে ২টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে কুমিল্লা কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাটের কমিশনার মো. মাহবুবুজ্জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মারগুব আহমদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক ড. এম মিজানুর রহমান ও কুমিল্লা কর অঞ্চলের কমিশনার আবু মো. কামরুল হাসান। এতে ৬ জেলার ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও করদাতারা অংশগ্রহণ করেন।