আলিফ আহসানের শর্টফিল্ম সিরিজ ‘রংধনু’

 

৭টি ভিন্ন ভিন্ন ঘটনার আলোকে ‘রংধনু’ শিরোনামে শর্টফিল্ম সিরিজ আনছে আলিফ আহসান। বিয়ের পরে একটি মেয়ের জীবন কিভাবে বদলে যায় সেই গল্প ফুটিয়ে তোলা হয়েছে তার শর্টফিল্ম সিরিজে। বুধবার থেকে এএএফ ফিল্মসের ব্যানারে সপ্তাহে একটি করে শর্টফিল্ম অবমুক্ত করবেন বলে জানিয়েছেন তিনি। শর্টফিল্ম সিরিজটি পরিচালনা করেছেন ইনজাম হাছান এবং প্রযোজনা করেছেন আলিফ নিজেই। এই সিরিজে আরো থাকছে শিউলি, অরণ্যসহ মোট ৭টি শর্টফিল্ম।

আলিফ আহসান বলেন, ‘বিয়ের মাধ্যমে একজন নারীর জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। নারীদের একদম নতুন কিছু মানুষ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। যা তাদের জীবনে হাজারো সুখের অনুভূতি নিয়ে আসে, সেইসঙ্গে জন্ম দেয় কিছু চাপা ক্ষোভ বা দুঃখবোধ। এই অনুভূতি সাধারণত বিয়ের পর বেশিরভাগ মেয়েই অনুভব করেন। শর্টফিল্মে এ বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। শুরুতেই একজন শশী শর্টফিল্মে আপনারা তা দেখতে পাবেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

একজন শশীতে অভিনয় করেছেন তানহা, তনয় ও আলিফসহ অনেকে।