প্রতিবেদন

তোমরা বিদ্যালয়ে নববর্ষকে কীভাবে বরণ করেছ তার বর্ণনা লিখবে

রিজিয়া পারভীন, সহকারী শিক্ষক কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

গাজীপুর

 

গতকালের পর

 

নবম-দশম শ্রেণিতে প্রতিবেদনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে।

যথা :(১) সংবাদ প্রতিবেদন; (২) তদন্ত প্রতিবেদন;

(৩) প্রাতিষ্ঠানিক প্রতিবেদন।

সংবাদ প্রতিবেদন লেখার কৌশল

শিরোনাম ছাড়া সংবাদ প্রতিবেদন হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ। খবরের একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু শিরোনামে প্রকাশ পায়। শিরোনাম দেখেই পাঠক সিদ্ধান্ত নেন, খবরটি তিনি পড়বেন কি-না। প্রতিবেদকের নাম বা পদবী,প্রতিবেদন তৈরির স্থান ও ঘটনার একটা সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়ে শুরু হয় সংবাদ প্রতিবেদন। এটা দুইতিন লাইনের মধ্যে শেষ হয়ে থাকে। এর পরের অংশে বিস্তারিত বর্ণনা লিখতে হয়। সংবাদ প্রতিবেদন লেখার সুবিধা হলো এতে শুধু শিরোনাম লিখেই সরাসরি মূল লেখায় চলে যাওয়া যায়। এ ধরনের প্রতিবেদন লিখতে গিয়ে সম্পাদকের নিকট আনুষ্ঠানিক পত্র কিংবা খাম আঁকার প্রয়োজন নেই। প্রশ্নে সংবাদপত্র বা প্রতিবেদকের নাম থাকলে সেটা অনুসরণ করতে হবে। আর তা না থাকলে কাল্পনিক নাম ব্যবহার করা যেতে পারে।

তোমরা যেহেতু বিদ্যালয়ে পড়াশোনা করছো তাই বিদ্যালয় সংক্রান্ত প্রতিবেদনই পরীক্ষায় এসে থাকে।

উদাহরণ হিসেবে নিচের প্রতিবেদনটি লক্ষ্য করো-

তোমার বিদ্যালয়ে ‘নববর্ষ উদ্যাপন’ এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো।

প্রতিবেদনের শিরোনাম : ‘বাংলা নববর্ষ উদ্যাপন’

সরেজমিন তদন্তের স্থান/

প্রতিবেদনের স্থান : বিদ্যালয় প্রাঙ্গণ

প্রতিবেদন তৈরির তারিখ                : ২০ জুন, ২০১৯

প্রতিবেদন তৈরির সময় : সকাল ১০ ঘটিকা

প্রতিবেদকের নাম ও ঠিকানা : আদিব আল-আদিয়ান,

শ্রেণি-নবম,  শাখা- বিজ্ঞান, রোল- ০৫

কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কাপাসিয়া, গাজীপুর।

বরাবর

প্রধান শিক্ষক

কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

কাপাসিয়া, গাজীপুর।

জনাব

বিনীত নিবেদন এই যে, নিম্নলিখিত প্রতিবেদনটি সদয় ও সহানুভূতিশীল বিবেচনার জন্য আপনার বরাবর পেশ করলাম।

শিরোনাম: বাংলা নববর্ষ উদ্যাপন

এখানে তোমরা বিদ্যালয়ে নববর্ষকে কীভাবে বরণ করেছ/কীভাবে উদ্যাপন করেছ তার বর্ণনা লিখবে।

লেখা শেষে বিনীত নিবেদক লিখে তোমার নাম লিখে দিবে। প্রতিবেদনটি যেহেতু তুমি কাউকে দিবে সেহেতু খোলা অবস্থায় দিতে পারবে না। একটি খাম এঁকে তাতে ঠিকানা লিখে দিবে।

বন্ধুরা, অনেক বইতে অনেক নিয়ম রয়েছে। তোমাদের সুবিধার জন্য আমরা একটা নিয়ম তুলে ধরলাম। এছাড়াও তোমরা তোমাদের মতো করে প্রতিবেদন লিখতে পারো।

আর যদি পত্রিকায় প্রকাশের জন্য হয় তাহলে,

বরাবর

সম্পাদক

দৈনিক ইত্তেফাক,ঢাকা।

জনাব

নিম্ন শিরোনামের প্রতিবেদনটি আপনার বহুল প্রচারিত দৈনিক ‘ ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন।

তারপর বাকি অংশ লিখে পূর্বের নিয়মেই শেষ করবে।