রাজশাহী মহানগরীতে ৯৯৯ সেবা কার্যক্রম চালু হয়েছে। সোমবার বিকেলে এ সেবা উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আকতার।
তিনি বলেন, আরএমপিকে আরো বেশি জনবান্ধব ও আধুনিক করতে ইতিমধ্যে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), ই-ট্রাফিক প্রসিকিউশন প্রসেসসহ বিভিন্ন কার্যক্রম চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জনগণ যাতে তাৎক্ষণিকভাবে পুলিশি সেবা পেতে পারে তা নিশ্চিত করতে আরএমপিতে ৯৯৯ সেবা সহযোজন করা হলো।
আরএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে ৯৯৯ এর উদ্বোধনীতে আরএমপির উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ইফতে খায়ের আলম, সহকারী কমিশনার (সদর) হাবিবুর রহমানসহ জাতীয় জরুরী সেবা ৯৯৯ বিষয়ে সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত আরএমপি’র ১২টি থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আরএমপি’র ১২টি থানার ওই ২৪ অফিসার ঢাকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।
আরো পড়ুন: শুটিংয়ের সেটে এসে বাবাকে অভিনয় শেখালেন শাহরুখ-কন্যা!
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে তাৎক্ষণিকভাবে পুলিশি সেবা, ফায়ার সার্ভিসের সেবা ও এম্বুলেন্সের সেবা পাওয়া যায়। ঢাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর প্রধান অফিস অবস্থিত। এখন থেকে ঢাকা হতে আরএমপি‘র সাথে ৯৯৯ এর সংযোগ স্থাপন করা হলো।
রাজশাহী মহানগর এলাকার সাধারণ জনগণ যেকোনো জরুরি পরিস্থিতিতে ৯৯৯ এ ফোন করে দ্রুততার সাথে সেবা নিতে পারবেন এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারবেন। অনুষ্ঠানে আরএমপি কমিশনার ১২টি থানায় ৯৯৯ সেবা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে ১২টি কম্পিউটার হস্তান্তর করেন।
ইত্তেফাক/বিএএফ