ইত্তেফাক রিপোর্ট
দুই কার্যদিবস শেয়ারের দর বাড়ার পর ফের পতনের ধারায় পুঁজিবাজার। গত দুই দিন ধরে সূচক কমতির দিকে। মঙ্গলবারের পর গতকাল বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে সাত পয়েন্ট। সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে ডিএসইর সূচক ১৪৩ পয়েন্ট বাড়ার পর গত দুই দিনে ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫১ পয়েন্টে। সূচকের সঙ্গে কমেছে লেনদেনও। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৬ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৩ পয়েন্টে।
গতকাল ডিএসইতে ৩৫৩টি কোম্পানির ১০ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৩৮৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ৩১৮ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৭৯৭ টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭ টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—মুন্নু স্টাফলার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, গ্রামীণফোন, ভিএফএস থ্রেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, ফরচুন সুজ ও মুন্নু সিরামিকস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এসইএমএল এলইসি ম্যানেজমেন্ট ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, রিপাবলিক ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ফরচুন সুজ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—মুন্নু স্টাফলার লিঃ, ন্যাশনাল লাইফ ইন্সুঃ, আরামিট সিমেন্ট, আমরা টেকনোলজি, বিডি ওয়েল্ডিং, অগ্নি সিস্টেম, সাভার রিফ্রেক্টরীজ, জে এম আই সিরিঞ্জ, শা শা ডেনিমস ও সুহূদ ইন্ডাঃ।
অপরদিকে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।