সিপিএল খেলতে যাচ্ছেন লিটনও

 স্পোর্টস রিপোর্টার

এবার ক্যারিবিয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছেন লিটন দাস। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন, লিটনকে সিপিএল খেলতে যাওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছেন তারা।

এ বছর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সিপিএল খেলতে যাচ্ছেন লিটন। এই আসরের নিয়মিত মুখ, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বারবাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলতে গতকালই দেশ ছেড়েছেন। আর লিটন খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। লিটন দাসের এটা প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলা হবে।

এর আগে সাকিব ছাড়া আরও তিন জন ক্রিকেটার সিপিএল খেলেছেন। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ খেলেছেন এই টুর্নামেন্টে। এবার আরো খেলার কথা ছিল আফিফ হোসেনের। কিন্তু তিনি বিসিবি থেকে এনওসি পাননি।