ভ্রাম্যমাণ প্রতিনিধি
নিয়মিত ক্লাস, পরীক্ষা চালু ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে কলেজের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এতে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সড়কে ঘণ্টাখানেক সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৯ মাস যাবত্ প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় পরীক্ষা পেছানো ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করে আসছে। তারা আরো অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। আগে কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে বন্ধ রয়েছে তাদের পরীক্ষা। তাই দ্রুত অনাপত্তিপত্র প্রদান ও ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান তারা। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়।
সদর থানার ওসি মঈন উদ্দিন বলেন, তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ জানান, কলেজ থেকে পরীক্ষার তারিখ চেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সারা পাওয়া যায়নি। এজন্য পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের একটি একাডেমিক অর্ডিনেন্স তৈরি হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ অর্ডিনেন্সের নিয়মকানুন মানছিল না। তিনি আরো জানান, নতুন অধিভুক্তির বিষয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসেনি। চিঠি পেলে অনাপত্তিপত্র দেওয়া হবে।