রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের পাঁচটি ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন— স্নেহাশীর্ষ চক্রবর্তী, অর্নব ঘোষসহ অন্য শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বলেন, রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে সংকটের চাহিদা অনেক বেশি। দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাসের যে জটিলতা তা নিরসনের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশ।
শিক্ষার্থীরা বলেন, আমরা বর্তমানে যে হোস্টেলে আছি তা নামেই হোস্টেল। নেই কোনো আবাসিক সুযোগ-সুবিধা। জরাজীর্ণ ভাঙা দালানে ঠাঁই মিলেছে কিছুসংখ্যক শিক্ষার্থীর। বিক্ষিপ্তভাবে তাদের বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। স্থায়ী ক্যাম্পাস গড়ে না ওঠার কারণে দিন দিন কলেজের কার্যক্রম ব্যাহত হবে। এসব সমস্যা সমাধানসহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা। আর অচিরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি পরিকল্পনা অনুযায়ী রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু না করে তা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান কলেজের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, স্থানীয় রাজনৈতিক একটি মহলের প্রবল বিরোধিতা সত্ত্বেও ২০১৪ সালের ১০ জানুয়ারি ৫১ জন শিক্ষার্থী নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকায় করোনারি ইউনিট বহুতল ভবনের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ।