শাহ আমানতে বিদেশি সিগারেট ও অনুমোদনহীন ওষুধসহ যাত্রী আটক

চট্টগ্রাম অফিস  

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩০ কার্টন সিগারেট ও ‘সুপারভিগা’ নামে ৫০ পিস যৌন উত্তেজক স্প্রেসহ এক বিমানযাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। আটক বিমানযাত্রীর নাম মো. রবিউল আলম। গতকাল বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম বলেন, লাগেজ স্ক্যানিং করার সময় মো. রবিউল আলমের কাছে সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি নজরে আসে। এরপর তাকে চ্যালেঞ্জ করে লাগেজ খুলে ২৩০ কার্টন (৪৪ হাজার শলাকা) সিগারেট এবং ৫০ পিস যৌন উত্তেজক স্প্রে পাওয়া যায়। এ ওষুধ জার্মানিতে তৈরি হয় যা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি নিষিদ্ধ।