কমলগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে অপহরণ হয়। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদসহ ৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি ছাত্রীর বাবা ইকবাল আহমদ।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার বালিগাঁও গ্রামের ইকবাল আহমদের মেয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিকালে স্কুল থেকে বাড়ি ফিরছিল। যাওয়ার পথে ভানুগাছ রোড থেকে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। হাসান আহমদ কমলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বাল্লরপাড় গ্রামের আব্দুর রকিবের ছেলে।

এ ঘটনায় ছাত্রীর বাবা ইকবাল আহমদ বাদি হয়ে হাসান আহমদ, নাহিদ মিয়া, মমতা বেগম, জোত্স্না বেগম ও বদরুল মিয়াকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।