বাগেরহাট প্রতিনিধি
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এরশাদ ও খালেদা জিয়ার সরকার মোংলা বন্দরকে মৃত বন্দরে পরিণত করেছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই মোংলা বন্দরের প্রাণ ফিরিয়ে দিয়েছেন। মোংলা এখন কর্মচঞ্চল ও লাভজনক বন্দরে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী চার বছরের মধ্যে মোংলা সম্ভাবনার আধুনিক আন্তর্জাতিক সমুদ্র বন্দরে পরিণত হবে।
বুধবার মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৫তম বন্দর উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, মোংলা বন্দর এখন আমাদের দেশীয় বন্দরই নয়, এটি এখন আন্তর্জাতিক সমুদ্র বন্দর। এই বন্দরের সুযোগ-সুবিধা এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোও গ্রহণ করছে।
উপদেষ্টা কমিটির এ সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদসহ বন্দর সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।