ইত্তেফাক রিপোর্ট
নারী জাগরণের অগ্রদূত রোকেয়া দিবসে আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন (একাংশ) মঞ্চস্থ করে আবৃত্তি প্রযোজনা ‘মহীয়সী রোকেয়া’। গত রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মঞ্চস্থ হয় বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে সাজানো আবৃত্তির এই প্রযোজনাটি। তার রচিত গ্রন্থ অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন, চিঠি-পত্র ও পদ্মরাগ উপন্যাসের বিষয়গুলো থেকে নিয়ে সাজানো হয় এই অনুষ্ঠানটি। প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন কণ্ঠশীলন প্রশিক্ষক ও নির্দেশক গোলাম সারোয়ার।
অনুষ্ঠানের অতিথি কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, রোকেয়া ছিলেন নারী শিক্ষার একটি প্রতিষ্ঠান।
প্রযোজনাটির আলোক পরিকল্পনা করেন ওয়াসিম আহমেদ, সংগীত পরিকল্পনায় অনিন্দ্য মাহদী, কোরিওগ্রাফিতে ছিলেন সানজিদা আলম আঁখি এবং মঞ্চ পরিকল্পনায় মোস্তফা কামাল।