সরকারি কর্মচারীকে মারধর

ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা রাজা গ্রেফতার

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজাকে গতকাল বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফরিদপুর ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সমরজিতসহ তিন জন কর্মচারীকে অফিস চলাকালীন গত ১৯ মে মারধর করেন আকরামুজ্জামান রাজাসহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর রাজনৈতিক সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক অপু। এ ঘটনায় সমরজিত তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা করেন। মামলায় এনামুল হক অপু গ্রেফতারের পর জামিনে মুক্ত হন। রাজা জামিন না নেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, রাজা পেশায় ঠিকাদার। তিনি নড়াইলে একটি বড়ো ঠিকাদারী কাজ করার সময় কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। যশোর নড়াইলে একটি ২০ কোটি টাকার কাজের ১৮টি পারফরমেন্স সিকিউরিটির জাল কাগজপত্র দাখিল করে কাজ নেন। এ বিষয়টি যশোর দুর্নীতি দমন কমিশনের কাছে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।