প্যারোলে আট ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিত্ষ্ঠ বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। মায়ের মৃত্যুতে সাময়িক সময়ের জন্য তাকে এ সুযোগ দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী আট ঘণ্টার জন্য তিনি সাময়িক মুক্তি পাবেন বলে জানিয়েছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুব আলম। তিনি ইত্তেফাককে বলেন, মামুনকে প্যারোলে মুক্তি দেওয়ার কাগজপত্র আমরা পেয়েছি। প্যারোলের শর্ত হিসেবে তিনি নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না, সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবেন এবং সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কারাগারে ফিরিয়ে আনা হবে।
বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মামুনের মা হালিমা খাতুন। এ কারণে মামুনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তার ভাই জালাল উদ্দিন রুমী। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঐ আবেদন মঞ্জুর করে এ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পাঠিয়ে দেয়।
বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা চলাকালীন সময়ে ২০০৭ সালের ৩১ জানুয়ারি যৌথবাহিনীর হাতে গ্রেফতার হন মামুন। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। পরবর্তীকালে অস্ত্র, অর্থ পাচার ও অবৈধ সম্পদের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হন। এ ছাড়া চাঁদাবাজি, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আরো এক ডজন মামলা বিচারাধীন রয়েছে।