পিরোজপুরের ভাণ্ডারিয়ার মুসলিম মহল্লা এলাকার বালুর মাঠ থেকে গতকাল বুধবার আল আমিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়। আল আমিন পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মন্নান খানের ছেলে। সে স্থানীয় একটি এয়ারটেল মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে নাইট গার্ডের চাকরি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ মাদক সেবন এবং ব্যবসা করে আসছিল। গতকাল দুপুরে সরদারপাড়া সড়কের দক্ষিণ পাশের একটি বাঁশবাগানে এক মোটরসাইকেল আরোহীর কাছে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় তার দেহ তল্লাশি করে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজে এবং তার সঙ্গে আরো কয়েকজন মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে একই এলাকা থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়ে কিছুদিন কারাবাসের পর জামিনে বের হয়ে আসে। এছাড়া একই এলাকা থেকে আরো একজন গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে।