সড়ক নিরাপত্তা আইন ফের যাবে সংসদে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংসদে পাশ হওয়া সড়ক নিরাপত্তা আইন কিছু সংশোধনীর মাধ্যমে সংসদে আবারও পাঠানো হবে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত পরিবহন আইনসংক্রান্ত সাব-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘সড়ক পরিবহন আইন-২০১৮-এ বেশকিছু সংশোধনী এনেছে এসংক্রান্ত সাব-কমিটি। কোন কোন ধারায়, কী কী সংশোধন আনতে যাচ্ছে তা জানিয়ে শিগিগরই ‘জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল’-এর কাছে প্রতিবেদন জমা দেবে স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বাধী সাব-কমিটি। প্রতিবেদন দেখে সড়ক নিরাপত্তা কাউন্সিল সংশোধনীর প্রয়োজনীয়তা মনে করলেই কেবল তা সংসদে পাঠানো হবে। গত বছর জাতীয় সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইনটির কিছু ধারা পরিবর্তনের দাবি তোলে পরিবহন মালিক-শ্রমিকেরা। সে দাবির পরিপ্রেক্ষিতে গত এক বছরেও আইনটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মালিক-শ্রমিকদের দাবিতেই ‘জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল’ আইনটি পুনঃবিশ্লেষণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে একটি সাব-কমিটি গঠন করে।

স্বরাষ্ট্র, আইন এবং রেলমন্ত্রীর সমন্বয়ে গঠিত সাব-কমিটি গত সাত মাস ধরে কয়েক দফা বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করে। যা শিগিগরই জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল বৈঠকের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, আশেপাশের দেশগুলোতে সড়ক নিয়ে কী ধরনের আইন রয়েছে, তা বিশ্লেষণ করেই সাব-কমিটি প্রতিবেদনটি  তৈরি করেছে। কমিটি মনে করলে প্রতিবেদনটি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলেও পাঠাতে পারে আবার আইনটি সংশোধনের প্রয়োজন মনে করলে ফের সংসদেও পাঠাতে পারে। এক্ষেত্রে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যে কোনো আইন পাশের পর অনেক সুবিধা-অসুবিধা দেখা দেয়। পরিবহন মালিক-শ্রমিকদের বাধার কারণে আইনটি এতদিন বাস্তবায়ন করা যায়নি তা ঠিক নয়। যেসব ধারা নিয়ে পরিবহন মালিক-শ্রমিকেরা আপত্তি তুলেছে তা পর্যালোচনা করেই একটা সুপারিশ তৈরি করা হয়েছে। আশা করছি সবার কাছে আইনটি গ্রহণযোগ্য হবে। গত বছর রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারাদেশে নিরাপদ সড়কের আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয় সড়ক পরিবহন আইন।