ইত্তেফাক রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মতো বর্তমান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদগারের দায়িত্ব পেয়েছেন। যা ইচ্ছে তাই বলছেন তিনি। তিনি বলেছেন, তারেক রহমানের কাছে নাকি যুবলীগ নেতারা ক্যাসিনোর টাকা পাঠায়। আওয়ামী লীগের নেতারা ক্যাসিনোর টাকা যদি তারেক রহমানকে পাঠায়, তাহলে সরকার কি বসে বসে আঙুল চোষে।
তিনি বলেন, ঢাকা শহরকে যারা ক্যাসিনোর শহর বানিয়েছে, তাদেরকে এই সরকার পৃষ্ঠপোষকতা করেছেন। সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া তারা এগুলো করতে পারত না। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা প্রমুখ।