মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আগামী দুই-তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় তা দুর্বল হয়ে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলায় ৭৭ মি.মি.। এছাড়া চাঁদপুরে ৩৫ মি.মি., নিকলিতে ৩০ মি.মি., ফরিদপুরে ২৩ মি.মি., হাতিয়ায় ও রাজশাহীতে ২৮ মি.মি., ঈশ্বরদীতে ৬০ মি.মি., বদলগাছিতে ৫৯ মি.মি., সৈয়দপুরে ৭১ মি.মি., খেপুপাড়ায় ২৮ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।