গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলার সময় অসাবধানতাবশত গ্যাস সঞ্চালন লাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঐ এলাকার নুপুর মার্কেট ও সোবহান মার্কেটের চারটি দোকানের মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক মিজানুর রহমান ফারুকী জানান, মঙ্গলবার সারাদিন র্যাপিড বাস ট্রানজিট (বিআরটি) প্রকল্পের লোকজন বোর্ডবাজার আইইউটি গেটের পূর্ব পাশে নুপুর মার্কেটের সামনে ড্রেনের খোঁড়াখুঁড়ির কাজ করছিল।
এ সময় স্থানীয়রা ঐ স্থানে মাটির নিচে থাকা গ্যাস লাইনটি বন্ধ বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে কাজ করতে অনুরোধ করেন। কিন্তু তারা বিষয়টি আমলে নেয়নি। পরে রাতে তিতাস গ্যাসের মেইন লাইন থেকে আবাসিক লাইনের পাইপটি চাপ লেগে লিক হয়ে গেলে তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা নুপুর মার্কেট ও সোবাহান মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ঐ মার্কেটের শিল্পী ফার্মেসী, ভাই ভাই রেফ্রিজারেশন, মিম গ্লাস এবং ঐ মার্কেটের দোতলায় জ্যাক বাংলাদেশ নামে একটি গার্মেন্টস মেশিন বিক্রির দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
বিআরটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের ডে-শিফটের সুপারভাইজার মো. জিহাদ জানান, আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না। রাতের শিফটে যারা কাজ করেছে তারা বলতে পারবে।
গাজীপুর তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী কাউছার আলম প্রধান জানান, তদন্তসাপেক্ষে জানা যাবে কীভাবে আগুন লেগেছে।