উপজেলার আড়িয়াবো এলাকায় ১০ বছর বয়সি এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে লিটন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছেন র্যাব-১১-এর সদস্যরা। গতকাল বুধবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। লিটন মিয়া উপজেলার শান্তিনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
র্যাব-১১-এর উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, উপজেলার কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ছে শিশুটি। ঐ শিশু ও তার পরিবার আড়িয়াবো এলাকার বাবুল মাস্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। গত রবিবার দুপুরে বাড়িসংলগ্ন মাঠে খেলাধুলা করার সময় আড়িয়াবো এলাকার লিটন মিয়া চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকিও দেয় সে। পরে লম্পট লিটন এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে শিশুটির চিত্কারে পরিবারের লোকজন ছুটে এসে পুরো ঘটনা জানতে পারে। পরে শিশুর মা বাদী হয়ে ঐ লম্পটকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে কদমতলী এলাকায় র্যাবের অভিযানে ধরা পড়ে লিটন।